নিজস্ব প্রতিবেদক
সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কমে স্টার লাইন স্পেশাল বাস সার্ভিস লিমিটেড ভাড়া নির্ধারণ করেছে।
গত শনিবার (২৫ এপ্রিল) শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় নতুনভাবে নির্ধারিত বাস ভাড়া কার্যকর করার বিষয়ে জানানো হয়। গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালীকে কঠোর নিরাপত্তা দেওয়ার কারণে জাহাজ চলাচলে মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে করে সারাবিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানী তেল আমদানীতে সমস্যা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় যথারীতি আমাদের দেশেও জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে জ্বালানী মন্ত্রণালয় ইতোমধ্যে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনসহ সকল ধরনের জ্বালানীর মূল্য বৃদ্ধি করেছে। ধারাবাহিকভাবে বিআরটিএ দেশের বিভিন্ন রুটে চলাচলরত বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়াও বাড়িয়েছে। জানা যায়, ফেনী থেকে ঢাকা (টিটি পাড়া) পর্যন্ত সরকার নির্ধারিত বাস ভাড়া ৪৪০ টাকা। ফেনীর সর্বসাধারণের কথা বিবেচনা করে স্টার লাইন পরিবহন সকল রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৪০ টাকা করে কম নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।




