নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ট্রাক চাপায় নিহত অটোরিকশা চালক শান্ত কুমার সাহা (১৫) নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার জেলা পুলিশ প্রশাসনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সোহাগ, নাসির ও ইমাম উদ্দিন ইমাম। জেলা পুলিশ প্রশাসনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ডিবির অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশা বিক্রির পাঁচ হাজার টাকাসহ চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত আল-আমিন হাসপাতালের সামনে থেকে সোহাগকে গ্রেপ্তার করে ডিবি। পৃথক অভিযানে ভিকটিমের ব্যবহৃত মুঠোফোনসহ নাসিরকে গ্রেপ্তার করে ডিবি। পরবর্তীতে সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশার যন্ত্রাংশসহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কড়াইতলা এলাকায় অবস্থিত আনোয়ারের গ্যারেজ থেকে ইমাম উদ্দিন ইমামকে গ্রেপ্তার করে ডিবি। লালপোলে অটোরিকশা ছিনতাই ও ট্রাক চাপায় চালক শান্ত কুমার সাহা নিহতের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন আসামি এই ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া নাসির ও ইমাম উদ্দিন ইমাম নোয়াখালী জেলার গাংচিল গ্রামের বাসিন্দা। অন্যদিকে নাসির ও সোহাগ চট্টগ্রামে একই সঙ্গে বসবাস করতেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ লালপোল এলাকার নির্জন একটি স্থানে পৌঁছানোর পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালক শান্ত কুমার সাহাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালাতে থাকে। ডোবা থেকে উঠে ছিনিয়ে নেওয়া সেই অটোরিকশার পেছনে চালক শান্তও দৌড়াতে থাকে। তবে হঠাৎ পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত চালক শান্ত কুমার সাহা সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা কানু কুমার সাহা বাদী হয়ে গত ৯ মার্চ ফেনী মডেল থানায় মামলা করেন।




