আমার ফেনী ডেস্ক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টায় মরহুমের নামাজে জানাযা দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুরে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আবুল বাশারকে দাফন করা হবে। আবুল বাশারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক আমার ফেনী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জমির বেগ। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত; ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতা আসার পর অভিভাবকহীন ফেনী জেলার আওয়ামী রাজনীতির হাল ধরেন আবুল বাশার। রাজনীতিতে প্রতিশ্রুতিশীল, পরিশ্রমী আবুল বাশার ব্যবসায়িক ভাবেও একজন সফল উদ্যোক্তা। এর বাইরে তিনি জনশক্তি রপ্তানিকারক শীর্ষ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বায়রা’র দুই বারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের টেক্সটাইল শহর খ্যাত ময়মনসিংহের ভালুকায় তিনি গড়ে তুলেছেন আবুল বাশার ইন্ডাস্ট্রিয়াল পার্ক।




