নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার দাবিতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। গত সোমবার সন্ধ্যায় মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে বের হওয়া মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুর আলম রিয়াদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। সমাবেশে বক্তারা বলেন, ঢাবির ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা হওয়ার এক সপ্তাহ পার হলেও এখনো খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি প্রশাসন। অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা। এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উপদেষ্টারা বিভিন্ন জানাজায় অংশগ্রহণ করেন। কিন্তু সাম্যের জানাজায় কোন উপদেষ্টা অংশগ্রহণ করেননি।
উল্লেখ্য, গত ১৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য নিহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।




