নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখা। গত সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফেনী পৌরসভা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও নোয়াখালী অঞ্চলের প্রধান তত্বাবধায়ক মুনতাসির মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও নোয়াখালী অঞ্চলের প্রধান তত্বাবধায়ক মুনতাসির মাহমুদ বলেন, আওয়ামী লীগ আলেম-ওলামা হত্যাকারী, সেনাবাহিনী হত্যাকারী, ছাত্র-জনতার খুনী, গণহত্যাকারী সর্বোপরি সন্ত্রাসী সংগঠন। তাই আওয়ামী লীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে এবং সন্ত্রাসী দল হিসেবে বিচার করতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই তবে তার আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুলো নিশ্চিত করতে হবে।
এ সময় মুনতাসির মাহমুদ বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আমরা বিএনপির ডাকে খালেদা জিয়ার মুক্তির জন্যও রাজপথে নেমেছিলাম। আল্লামা সাঈদীর জন্যেও রাজপথে নেমেছিলাম। এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আব্দুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।




