কোম্পানীগঞ্জপ্রতিনিধি
নোয়াখালীরে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গ্রেপ্তারকৃত কোরবান আলী একজন ডাকাত সর্দার এবং তার বিরুদ্ধে ৮টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা’সহ মোট ১০টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুছাপুর এলাকার টুটুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কোরবান আলী জসিম মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর নবীর ছেলে।
র্যাব জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ব্যবসায়ী হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে ডুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। এই ঘটনায় ওই ব্যবসায়ী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে কোরবান আলীকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় আটটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা’সহ মোট দশটি মামলা রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কোরবান আলী ও তার দলের ডাকাত সদস্যরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। এরআগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেপ্তার এড়াতে সে ঢাকা গিয়ে আত্মগোপনে থাকতো। র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সাথে থাকা অন্য অপরাধীদের নাম ও জানিয়েছে। তাদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।




