মিরসরাই প্রতিনিধি
ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে মিরসরাই উপজেলা প্রশাসন। শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে মিরসরাই উপজেলার ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, শনিবার দিনব্যাপী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করােহয়। অভিযানকালে ফেনী নদীর অলিনগর ও লিচুতলা পয়েন্টে নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে তীরসংলগ্ন কৃষিজমি ভাঙনের শিকার হচ্ছে। এই দুটি পয়েন্টে চারটি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় এক কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।
এসময় জনসাধারণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং এধরণের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়।




