নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী’র মহিপাল ফ্লাইওভার এলাকা থেকে হোসাইন মো. শেফায়তুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের পশ্চিম পাশের রাস্তায় ‘মারছা ট্রান্সপোর্ট লিমিটেড’র একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মো. শেফায়তুল ইসলাম কক্সবাজার জেলার চকোরিয়ার বরইতলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারি শহরের মহিপাল এলাকায় অবস্থান করছে।পরে তাকে আমরা ‘মারছা ট্রান্সপোর্ট লিমিটেড’র একটি যাত্রীবাহী বাস থেকে আটক করি। এই ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।




