অনলাইন ডেস্ক
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বৈকালী পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন ছুট্টু’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ মার্চ) বাদ আসর শহরের রামপুর নূরিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
রামপুর সওদাগর বাড়ি জামে মসজিদের সেক্রেটারি দিদারুল আলমের পরিচালনায় নামাজে জানাজার পূর্বে মরহুম জামাল উদ্দিন ছুট্টু’র বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মরহুম জামাল উদ্দিন ছুট্টু’র ছেলে খাজা আজিম উদ্দিন প্রমুখ। এসময় জেলা বিএনপির সদস্য নুর হোসেন সেলিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম, দৈনিক আমার ফেনী পত্রিকার প্রধান উপদেষ্টা মুশফিকুর রহমান পিপুল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের নামাজে জানাজায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নামাজে জানাজার ইমামতি করেন রামপুর সওদাগর বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক। জামাল উদ্দিন ছুট্টু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক আমার ফেনী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জমির বেগ। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি রামপুর সওদাগর বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




