নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরতলীর লালপোল এলাকায় মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্যসচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়, লালপোল এলাকায় জনৈক ইলিয়াসের নির্মাণাধীন বাড়িতে গিয়ে কাজ করতে নিষেধ করার অভিযোগ দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংগঠনের দৃষ্টিগোচর হয়। নোটিশ দেওয়ার পর অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে আগামী তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এছাড়া ওই নোটিশে ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সদস্য নুরুল আলম ফরায়েজীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শহরতলীর লালপোল সুলতানিয়া মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করে দেয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন। নির্মাণ সামগ্রী ক্রয় না করার কারণে মোহাম্মদ ইলিয়াসের নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সাহাব উদ্দিনের বিরুদ্ধে।




