নিজস্ব প্রতিবেদক
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ মাইজবাড়ীয়া এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা। বুধবার র্যাব-৭ ফেনী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ মাইজবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ৩ শ গ্রাম গাঁজা ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। আটক হওয়া মো. শরিফুল ইসলাম প্রকাশ মিলন (৩৮) সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ মাইজবাড়ীয়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে, মো. সাজ্জাদ হোসেন (২৫) চট্টগ্রামের খুলসী এলাকার বাসিন্দা মৃত. মোহাম্মদ হোসেনের ছেলে ও রেজাউল করিম প্রকাশ আসিফ ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাইজবাড়ীয়া এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করে র্যাব। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




