শহর প্রতিনিধি
ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবনের নির্মাণকাজের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, এ ঘটনায় গত ২৮ মে ভুক্তভোগী মনির উদ্দিন বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আলমগীর, আবুল কালাম, নুরুল আফছার, মাহাবুবুল হক ও রোজিনা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে একই দিন আদালত শুনানী শেষে নালিশী ভূমিতে স্থিতিবস্থার আদেশ দেন। পরবর্তীতে ৩১ মে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশের কপি বিবাদীদের নিকট হস্তান্তর করেন। এসময় পুলিশ বিবাদীদেরকে পাইলিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তুু পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে তারা আদালতের আদেশ অমান্য করে পূনরায় পাইলিংয়ের কাজ শুরু করেন। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা বলেন, আমরা আমাদের জায়গায় ভবনের নির্মাণকাজ করছি। যে জায়গা নিয়ে বিরোধ চলছে সেটি আমাদের জায়গার পাশে। এটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। স্থিতিবস্থার বিষয়ে জানতে চাইলে তারা কৌশলে এড়িয়ে যান। নালিশীয় ভূমির অভিযোগকারী মনির উদ্দিন বলেন, ওয়ারিশসূত্রে পাওয়া আমার জায়গাটি দীর্ঘদিন ধরে
পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিলো। সম্প্রতি হঠাৎ করে একটি চক্র আমার জায়গায় জোরপূর্বক পাইলিংয়ের কাজ শুরু করে। পাইলিংয়ের কাজ বন্ধ রাখতে বলায় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি আশা করি আদালতের মাধ্যমে সুবিচার পাবো। এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, পুলিশ কোয়ার্টারের একটি জায়গার উপর আদালত থেকে ১৪৫ ধারা জারি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে আদালতের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে রোববার ঘটনাস্থলে দৈনিক আমার ফেনী পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামরুল আরেফিন ও এটিএন নিউজের ক্যামেরা পার্সন মোজাম্মেল হক ভূঁইয়া সরেজমিনে যান। এসময় অভিযুক্ত মাহাবুবুল হক ও নুরুল আফসার সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও তাদের ছবি-ভিডিত্ত ধারণ করতে বাধা দেয়। এ ঘটনায় রোববার সাংবাদিক কামরুল আরেফিন ফেনী মডেল থানায় মাহাবুবুল হক ও নুরুল আফসারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।




