নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতির আয়োজনে গোলাম রাব্বানী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে ফেনী সোনালী অতীত ফুটবল ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সাবেক ফুটবলার আবুল কালাম পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. ফয়েজ করিম রনি, কপিল মাহমুদ রিয়াজ ও ক্রীড়া সংগঠক জয়নব বানু।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবলু বলেন, নব্বই দশক থেকে এই ফুটবলের জন্য মরহুম গোলাম রাব্বানী অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি একজন ফুটবলার ছিলেন। এই স্টেডিয়ামের প্রতিটি কোনায় কোনায় উনার স্মৃতি রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ফেনী জেলা ফুটবল দল নিয়ে গোলাম রাব্বানী ভাই ছুটে গিয়েছিলেন। উদ্বোধনী ম্যাচে শমসের গাজী লায়ন্স বনাম মুহুরী রাইডার্স দল অংশগ্রহণ করে। এছাড়াও এই টুর্নামেন্টে বিজয় সিংহ থান্ডার্স, শমসের গাজী লায়ন্স, মুহুরী রাইডার্স ও বিলোনিয়া ফাইটার্সসহ মোট ৪টি দল অংশগ্রহণ করছে।




