কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লাইসেন্স না থাকায় বামনী ব্রিকস ম্যানুফেকচার কোম্পানী (বিবিএমসি) নামে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার বিকেলে রামপুর ৭ নং ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ওই ভাটা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে এ ভাটা মালিক। পরিবেশের চরম ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রশাসন এসব ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেয়।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নুর হাসান সজীব। এ সময় সেনাবাহিনী টিম,কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




