দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ হুমায়ুন কবির (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ নভেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে স্কুলের পিয়ন হুমায়ুন কবিরকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি শিক্ষকদের প্রতি ক্ষুব্ধ হয়ে নানা সময় হুমকি ও মারধরের চেষ্টা চালান।
এরই ধারাবাহিকতায় গত ১২ মার্চ হুমায়ুন কবির, তার স্ত্রী ও ছেলে রিমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালান এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, ঘটনার দিন তিনি সরকারি শিশু জরিপ তথ্য হালনাগাদ করতে বিদ্যালয়ে গেলে পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা তার মানহানির কারণ হয়েছে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




