নিজস্ব প্রতিবেদক
ফেনীতে অপারেশন ‘ডেভিল হান্টে’ ৯ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রত্যেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দাগনভূঞা পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের (৬২), জায়লস্কর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (৬০), দাগনভূঞার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. খাজা মাইনউদ্দিন চিশতী (৫৫), সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. ইসমাঈল (৩০), সোনাগাজী উপজেলা ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান তসলিম (২৮), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান (২৪), সদর উপজেলা মোটবী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সাজ্জাদ আহাম্মদ সায়েম (২৩), সোনাগাজী উপজেলা ছাত্রলীগ কর্মী মো. মাইন উদ্দিন (২১) ও ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ফাহিম (১৯)।




