পরশুরাম প্রতিনিধি
পরশুরামে উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক ও বণিক সমিতির সাবেক প্রচার সম্পাদক মহি উদ্দিন সুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের মিনার। পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বাজার বণিক সমিতির সভা চলাকালে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয় ।
জানা যায়,সোমবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরশুরাম বাজার বণিক সমিতি সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের মিনারের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী নির্বাহী কর্মকর্তা কার্যালয় উপস্থিত হয়ে সুজনকে ধরে পরশুরাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিউদ্দিন সুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
মহিউদ্দিন সুজন উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক ও পরশুরাম বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক।
মহিউদ্দিন সুজন রাজনীতিতে এতটা সক্রিয় ছিলেন না বলে তার পরিবার দাবি করছেন। গত ৫ আগস্টের পর থেকে সুজন পরশুরাম বাজারে মেইন রোডে তার মালিকানা স্টেশনারি দোকানে দোকানদারি করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় বণিক সমিতির অন্যান্য সদস্যদের সাথে তিনিও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভায় উপস্থিত হন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ তাকে ফেনী থানা হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন মহিউদ্দিন সুজন নামের এক জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান বলেন পরশুরাম বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় বণিক সমিতির কয়েকজন সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তার কার্যালয়ে একটি সভা চলছিল এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্র এসে সুজন নামের এক জনকে পুলিশের হাতে সপোর্দ করে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।




