কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এসময় ডাকাতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ২টা ছোরা ও একটি সিএনজি অটোরিকসা উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসেমের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আটককৃতদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের মো. সেলিমের ছেলে মোঃ রনি (২০), কালিতারা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আজমুল হোসেন ফরহাদ (২০), অশ্বদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে জীবন (২১), নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের শফি উল্যাহর ছেলে আক্তার হোসেন রনি (৩৫)।
স্থানীয় ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ডাকাতরা একটি সিএনজি যোগে এসে ৪জন ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদে কথা-বার্তা অসংলগ্ন হওয়ায় তল্লাশি করে তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়ায় গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা ১টি চাইনিজ কুড়াল, ২টা ছোরা ও একটি সিএনজি অটোরিকসা জব্দ করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডাকাতি প্রস্তুতির একটি মামলা হয়েছে। গ্রেফতার চারজনকে শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




