কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন ওয়ার্ড চরবালুয়ায় সীমানা বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহীন (৩৫) নামে এক যুবককে গুলি করার ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয়রা পারভেজ (২৫) নামের একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত পৌনে ২টায় ওই ইউনিয়নের চরবালুয়া সমিতি বাজার এলাকার সোহরবের নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত শাহীনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহীন ওই এলাকার আবু তাহেরের ছেলে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে সীমানা বিরোধ এবং জায়গা-সম্পত্তি দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার রাত পৌনে ২টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরবালুয়া সমিতি এলাকার শাহীনের বাড়ীতে প্রবেশ করে সন্দ্বীপ এলাকার রাহাত এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা শাহীনকে হত্যার উদ্দেশ্যে তার বসত ঘরের ওপর গুলি চালালে শাহীন গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে ওই ঘটনার সাথে জড়িত পারভেজ নামে একজনকে আটক করে চরবালুয়া ফাঁড়ি থানার মাধ্যমে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে স্থানীয়রা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে বর্তমানে অবস্থান করছি, এবং ওই স্থানগুলো পরিদর্শন করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




