পরশুরাম প্রতিনিধি
ফেনী পরশুরামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আরেফিন শরীফকে (২২) লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আরেফিন শরীফ বাদী হয়ে সিরাজের বিরুদ্ধে গত বুধবার পরশুরাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আহত শরীফ চিথলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ধর্মীয় শিক্ষক।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াছিন জানান, ঘটনার দিন উপজেলার পশ্চিম অলকা মাস্টার বাড়ির পাশে খালি জমিতে এলাকার ছোট শিশুরা খেলাধুলা করছিল। এসময় সিরাজের ছোট ছেলে ও শরীফের ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে শরিফের ছোট ভাইকে সিরাজের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে শরীফ তার ছোট ভাইকে উদ্ধার করতে সিরাজের বাড়িতে গেলে সিরাজ মিয়া ও শরীফের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় সিরাজ একটি লাঠি নিয়ে শরিফকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী বলেন, খোঁজখবর নিয়ে এবং ভিডিও দেখে যতটুকু জেনেছি শরিফের উপর অতর্কিতভাবে হামলা করেছে। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম হামলার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।




