নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী তাঁর ব্যক্তিগত উদ্যোগে গতকাল মঙ্গলবার এক লাখ মানুষের মাঝে নগদ অর্থ, পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি ও ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণকালে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ফেনী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সদর উপজেলার তৃনমূল পর্যায়ের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ৫০ হাজার নেতাকর্মী ও অসহায়, গরীব, দুঃখী ৫০ হাজার মানুষের মাঝে এসব ঈদ উপহার প্রদান করা হয়েছে।
গতকাল ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী গাড়িযোগে পৌঁছে দেয়া হয়।
নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, প্রতিবারের ন্যায় এবারও গরীব-দু:খী সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে প্রতিটি উপজেলা নেতৃবৃন্দদের মাধ্যমে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তৃণমূল হলো সংগঠনের প্রাণ। তাই ঈদের দিনসহ সবসময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মুখে হাসি ফোটাতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।




